মুরগির মাংস বেশি খেয়ে ফেলায় বন্ধুকে কুপিয়ে হত্যা
মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খু'ন
রাতের খাবারের সময় মুরগির মাংসের টুকরো বেশি নেওয়া নিয়ে তর্কের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভি জেলায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম সীতারাম। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন এবং কর্ণাটকের একটি স্টিল কারখানায় কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত অরুণ কুমারও একই কারখানার কর্মী এবং সীতারামের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কাজ শেষে দুই বন্ধু মিলে একসঙ্গে খাবারের আয়োজন করেন। খাওয়ার সময় থালায় মুরগির মাংসের টুকরো বেশি নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে অরুণ একটি ধারালো ছুরি দিয়ে সীতারামের বুকে আঘাত করেন বলে অভিযোগ।
ঘটনার পর অরুণ নিজেই আহত সীতারামকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসকদের জানান, সীতারাম ওপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে তার বক্তব্যে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে অরুণ রাগের মাথায় বন্ধুকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীতারাম। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
