মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় বড় সহায়তা, বাংলাদেশকে ২৪ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনকালে এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে ৩৬০, Jhpiego, JSI ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় রয়েছে।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাত দুই দেশের সহযোগিতার অন্যতম পুরোনো ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও এই সহায়তা ভূমিকা রাখবে।
দেশজুড়ে মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
এর আগে রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও মহানন্দা নদী পরিদর্শন করেন। পরে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন।
পরে সংসদ সদস্যের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
