বগুড়ায় নষ্ট ডিমে জন্মদিনের কেক তৈরি, মি. কেক কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা
বগুড়ার মি. কেক কারখানা থেকে জব্দ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম।
বগুড়ার ফুলবাড়ীতে নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক তৈরির অভিযোগে ‘মি. কেক’ নামের একটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় অবস্থিত মি. কেক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক প্রস্তুত করতে দেখা যায়।
এ সময় কারখানাটিতে কেক ও বিস্কুট তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর বলে প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণ এবং জন্মদিনের কেক তৈরিতে নিয়োজিত কর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের দায় স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে কেক তৈরির উদ্দেশ্যে সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিক ও সংশ্লিষ্টদের সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
