খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু।
খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ির থলিপাড়া পুনর্বাসন এলাকায় বজ্রপাতে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝুম বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতের এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন উচিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইঞাও মারমা (৪৫)। তারা দীর্ঘদিন ধরে থলিপাড়া পুনর্বাসন এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় উচিমং মারমা নিজ বাড়ির সামনে উঠানে গোসল করছিলেন। এ সময় তার স্ত্রী চাইঞাও মারমা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মুহূর্তেই দুজন মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে ওঠে। বাইরে এসে তিনি দেখেন তার বাবা-মা নিথর অবস্থায় পড়ে আছেন। বজ্রপাতের আঘাতে ঘরের সোলার প্যানেল, বৈদ্যুতিক সংযোগ এবং কিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গ্রামের কার্বারী কান্তা ত্রিপুরা এবং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা। ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে অবহিত করা হয়েছে। সরকারি সহায়তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমানে মরদেহ দুটি নিজ বাড়িতে রাখা হয়েছে। রোববার পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাদের দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
বর্ষাকালে পাহাড়ি এলাকায় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় আবহাওয়া খারাপ থাকলে খোলা জায়গায় অবস্থান না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
