ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন
চোখের চিকিৎসা ক্যাম্পে রোগীদের সঙ্গে কথা বলছেন ডা. জুবাইদা রহমান
ছানিপড়া রোগীদের জন্য আয়োজিত বিনা মূল্যের চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আল নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ১৬ থেকে ১৭টি বুথে রোগীদের সেবা দেন চিকিৎসকেরা।
ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনের সময় ডা. জুবাইদা রহমান বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার জানান, ক্যাম্পে যেসব রোগীর চোখে অস্ত্রোপচার প্রয়োজন হবে, তাদের মোহাম্মাদপুরের আল নূর চক্ষু হাসপাতালে বিনা খরচে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনা মূল্যে চশমাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে দেশের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বগুড়ায় ৫ হাজার মানুষের চোখের চিকিৎসা এবং টাঙ্গাইলে ১০ হাজার রোগীর জন্য চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।
ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, ডা. জুবাইদা রহমান ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত মানুষের জন্যও ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে হাঁপানি রোগীদের জন্য চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের জন্যও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
