ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৬১, হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৪৪১ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া দুজনই নারী। তাঁদের একজনের বয়স ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।
নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। সেখানে বর্তমানে ৫৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৯৮ জন, বরিশালে ২৬০ জন, চট্টগ্রামে ১২০ জন, ময়মনসিংহে ১১৩ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯ হাজার ৩৪৫ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১৭ হাজার ৮৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৩৯ জন নারী, যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে পুরুষ মারা গেছেন ২২ জন, যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ১ শতাংশ।
অঞ্চলভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ২০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাতজন মারা গেছেন। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
এর বাইরে খুলনায় ১০ জন, বরিশালে সাতজন, ময়মনসিংহে ছয়জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
