২০২৭ বিশ্বকাপের টিকিট নিয়ে শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের সামনে যে সমীকরণ
বিশ্বকাপের সরাসরি জায়গা নিশ্চিত করতে র্যাঙ্কিংয়ের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
আগের দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। একবার সেই বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিলেও ২০২৩ সালের আসরে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে নামার শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের জয়ের পর ২০২৭ বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। আর এই হিসাবের সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের অবস্থানও।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকার তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এবারের আসরে অংশ নেবে মোট ১৪টি দল। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় নবম স্থানে থাকা দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান দশ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৭৭। অন্যদিকে বাংলাদেশের অবস্থান নবম, রেটিং পয়েন্ট ৮৩। আট নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯০।
সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হলে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত নবম স্থানে উঠতে হবে।
তবে বর্তমান পরিস্থিতিতে ক্যারিবীয়দের পথ বেশ কঠিন। ৩০ সেপ্টেম্বরের আগে তাদের হাতে রয়েছে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ, দুটিই ভারতের বিপক্ষে এবং ভারতের মাটিতে।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮২-তে উঠতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশের ৮৩ পয়েন্ট অতিক্রম করা সম্ভব হবে না। কারণ এই সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় রেটিং পয়েন্ট কমা বা বাড়ার সুযোগ নেই।
তবে বাংলাদেশের জন্যও কিছুটা সতর্ক থাকার বিষয় রয়েছে। নির্ধারিত সময়ে যদি বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ খেলে এবং সেখানে হেরে যায়, তাহলে র্যাঙ্কিংয়ের সমীকরণ বদলে যেতে পারে।
আগামী সেপ্টেম্বরের প্রথম ভাগে বাংলাদেশ ও ভারতের একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা রয়েছে। যদিও সিরিজটি এখনো নিশ্চিত নয়। সেটি মাঠে গড়ালে বাংলাদেশের ফলাফল সরাসরি বিশ্বকাপের সমীকরণে প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে র্যাঙ্কিংয়ের প্রতিটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জন্য যেমন এটি বাঁচা-মরার লড়াই, তেমনি বাংলাদেশও নজর রাখছে নিজেদের অবস্থানের দিকে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
