কোয়ালকম চিপের দাম বাড়ছে, সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
কোয়ালকম চিপের দাম বাড়ছে, সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

চিপের মূল্য বাড়ায় অ্যান্ড্রয়েড ফোনের দামেও প্রভাব পড়তে পারে।

বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম আগামী ১ সেপ্টেম্বর থেকে তাদের বিভিন্ন সেমিকন্ডাক্টর পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার চাপ মোকাবিলায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, কোয়ালকমের চিপের দাম বাড়লে এর প্রভাব সরাসরি পড়তে পারে নতুন প্রজন্মের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে। বিশেষ করে প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ফোনগুলোর উৎপাদন খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।

কোয়ালকম জানিয়েছে, গত কয়েক মাসে মেমোরি, সাবস্ট্রেটসহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধি চিপ সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির অন্যতম উৎপাদন অংশীদার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) নিয়েও সরবরাহ সংকট তৈরি হয়েছে। অ্যাপল, এনভিডিয়া ও কোয়ালকমের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চিপ তৈরি করে থাকে টিএসএমসি।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজ চললেও সরবরাহের চাপ ২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে। নিকি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্ডার ও গ্রাহকের ধরন অনুযায়ী টিএসএমসি চিপ উৎপাদন খরচ ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

এই অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি নিজেদের মুনাফার হার ধরে রাখতেই কোয়ালকম চিপের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ানো অ্যামন বলেন, সরবরাহ ব্যবস্থায় ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে।

কোম্পানির সাম্প্রতিক আর্থিক ফলাফল অনুযায়ী, কোয়ালকমের মোট রাজস্ব ৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে পৌঁছালেও হ্যান্ডসেট চিপ খাতে আয় ২০ শতাংশ কমে ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলারে নেমেছে। বাজারে স্মার্টফোনের দাম বাড়ার কারণে অনেক ক্রেতা এখন তুলনামূলক কম দামের ডিভাইসের দিকে ঝুঁকছেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের ওপর নির্ভরশীল বিশ্বের বড় অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, অনার, মটোরোলা ও আসুস।

বাজার বিশ্লেষকদের মতে, চিপের মূল্যবৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত স্মার্টফোনের খুচরা দামে পড়তে পারে। বিশেষ করে ২০২৬ সালের শেষ ভাগ ও ২০২৭ সালের শুরুতে বাজারে আসা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page