ভারতের সেরা সেলিব্রিটি ব্র্যান্ড শাহরুখ, শীর্ষ ১০-এ যারা আছেন

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
ভারতের সেরা সেলিব্রিটি ব্র্যান্ড শাহরুখ, শীর্ষ ১০-এ যারা আছেন

২০২৫ সালের ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্টে সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে শীর্ষে উঠে এসেছেন শাহরুখ খান।

ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ২০২৫ সালের ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী, গত বছর শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে এবার এক নম্বরে উঠে এসেছেন তিনি।

রিপোর্টে বলা হয়েছে, শাহরুখ খানের বর্তমান ব্র্যান্ড মূল্য ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। যদিও ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’-র পর এখন পর্যন্ত তাঁর নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তবুও জনপ্রিয়তা, ব্র্যান্ড চুক্তি এবং বৈশ্বিক প্রভাবের কারণে তাঁর ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের তালিকায় তিনি তৃতীয় স্থানে ছিলেন।

এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তাঁর ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য তাঁর ব্র্যান্ড মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছর শীর্ষস্থান দখল করা ক্রিকেটার বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। বর্তমানে তাঁর ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার ব্র্যান্ড মূল্য ১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। পঞ্চম স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ব্র্যান্ড মূল্য ১১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার।

শীর্ষ দশের তালিকায় একমাত্র নারী হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি ষষ্ঠ স্থানে আছেন এবং তাঁর ব্র্যান্ড মূল্য ৯ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। সপ্তম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন (৮ কোটি ৯২ লাখ ডলার), অষ্টম স্থানে হৃতিক রোশন (৮ কোটি ৮৯ লাখ ডলার), নবম স্থানে অমিতাভ বচ্চন (৮ কোটি ৮ লাখ ডলার) এবং দশম স্থানে অক্ষয় কুমার, যার ব্র্যান্ড মূল্য ৮ কোটি মার্কিন ডলার।

এ ছাড়া এবারের তালিকায় আরও জায়গা পেয়েছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, সালমান খান, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি স্যানন, অনন্যা পান্ডে এবং জসপ্রীত বুমরাহ।

এদিকে শাহরুখ খান বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page