মার্ভেল ভক্তদের সুখবর, এক দিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে নতুন স্পাইডার ম্যান
আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছে স্পাইডার ম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে ৩১ জুলাই মুক্তি পেলেও বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন তারও এক দিন আগে। ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাওয়ায় দেশের মার্ভেল ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। নির্মাতাদের দাবি, আগের যেকোনো সময়ের তুলনায় এবার দর্শকরা আরও পরিণত, দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন। তাই শুধু অ্যাকশন নয়, চরিত্রটির মানসিক যাত্রাও এই সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ScreenX প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমাটি উপভোগ করতে পারবেন, যা প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও বাস্তব ও নিমগ্ন করে তুলবে।
মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। নির্মাতাদের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে দারুণ গতিতে।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাই নয়, মুক্তির পর আয়েও বড় সাফল্য পেতে পারে। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ পাওয়া মার্ভেল ভক্তদের জন্য নিঃসন্দেহে বিশেষ আনন্দের খবর।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই পিটার পার্কার/স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
