সড়ক দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ, বাসে ক্যামেরা ও ফিটনেস সনদ নিয়ে হাইকোর্টের রুল

reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ, বাসে ক্যামেরা ও ফিটনেস সনদ নিয়ে হাইকোর্টের রুল

সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে যানবাহনের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফিটনেস সনদ দৃশ্যমানভাবে প্রদর্শন, দুর্ঘটনাপ্রবণ এলাকায় কুইক রেসপন্স টিম গঠন, গণপরিবহনে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের বিষয়ে জবাব চেয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি জনস্বার্থমূলক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে আদালত জানতে চেয়েছেন, সড়কে চলাচলকারী সব যানবাহনের বডি বা সামনের কাচে ফিটনেস সনদ এমনভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, যাতে যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজেই তা দেখতে পারেন।

এছাড়া ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

আদালত আরও জানতে চেয়েছেন, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হবে না কেন। পাশাপাশি গণপরিবহনে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ চালনা নিয়ন্ত্রণে বাসের ভেতরে ও বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারি করা হয়েছে।

একই রুলে একতলা বাসকে অবৈধভাবে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনবিরোধী ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; এর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি এবং দ্রুত জরুরি সেবা নিশ্চিত করাও জরুরি।

এই রিটের সূত্রপাত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে। ওই দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান গুরুতর আহত হন। পরে সড়ক নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন।

রিটে দুর্ঘটনায় আহত আইনজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারি করেছেন আদালত।

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে ক্ষতিপূরণ চেয়ে করা আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর রুলের ওপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সূত্র: হাইকোর্টের আদেশ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন