অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই ব্যবস্থা-ডিআইজি

reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই ব্যবস্থা-ডিআইজি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান

অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, অপরাধীর একমাত্র পরিচয় হলো সে একজন অপরাধী। তাই রাজনৈতিক দল, পরিচয় বা প্রভাব নয়, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) সকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে পুলিশ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে, যাতে অপরাধীরা দ্রুত শনাক্ত হয়ে আইনের মুখোমুখি হতে পারে। তিনি জানান, প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেসড), প্রযুক্তিনির্ভর (টেক-বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে আরও কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তার ভাষ্য, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধেও গুরুত্ব দেওয়া হবে। এজন্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য অপরাধ আগেই শনাক্ত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তদন্ত কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং কার্যক্রম পরিচালিত হবে। জনগণের সহযোগিতা ছাড়া কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে এবং জনসাধারণের প্রত্যাশা ও মতামত প্রকাশে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের সেবার মান উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, পুলিশের কোনো ভুলত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে তা দায়িত্বশীলভাবে তুলে ধরলে সেবার মান উন্নয়নে তা সহায়ক হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

সূত্র: খুলনা রেঞ্জ পুলিশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্য।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন