সাতক্ষীরা শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার দলত্যাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরা শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার দলত্যাগ

সাতক্ষীরার শ্যামনগরে প্রতীকী দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘোষণা দেন এক স্থানীয় নেতা।

সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। তিনি এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল করে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং মো. মুনসুর সরদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার হোসেন নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার পদবি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এলাকার মানুষের উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল করার পর দেলোয়ার হোসেন জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে পরিস্থিতি মেনে নিতে না পেরে বিবেকের তাড়নায় দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের মতে, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি যাচাই করে জানানো হবে।

উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লিখিত ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন