বিয়ের পিঁড়িতে বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
বিয়ের পিঁড়িতে বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট

দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়েসেনকে বিয়ে করেছেন বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়েসেনকে বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

বিয়ের ছবি শেয়ার করে মিস্টার বিস্ট ক্যাপশনে লেখেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।” মুহূর্তেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, সহকর্মী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন জিমি ও থিয়া। সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম People-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানিয়েছিলেন, অনেকে ভেবেছিলেন তিনি হয়তো সুপার বোলের মতো বড় কোনো মঞ্চে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু তিনি চেয়েছিলেন জীবনের এই বিশেষ মুহূর্তটি হোক একান্ত ব্যক্তিগত ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

জানা যায়, দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় জিমি ডোনাল্ডসন ও থিয়া বয়েসেনের। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ থিয়ার সঙ্গে যোগাযোগ করেন মিস্টার বিস্ট। থিয়ার লেখা বই ‘The Marked Children’ পড়ার আগ্রহ থেকেই তাদের কথোপকথন শুরু হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর শেষ না করা পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিয়ের আগে এক সাক্ষাৎকারে থিয়া বলেছিলেন, “আমার মনে হয় আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং ৭০ বছর বয়সেও একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে আমরা নিয়মিত কথা বলি। এই বিয়ে আমাদের সম্পর্কের আরেকটি সুন্দর ধাপ।”

মিস্টার বিস্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারধারী ইউটিউব চ্যানেলের মালিক। বিশাল অঙ্কের অর্থ পুরস্কার, মানবিক উদ্যোগ, দাতব্য কর্মকাণ্ড এবং ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। ইউটিউবের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত অংশ নিয়ে থাকেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন