বৃষ্টির প্রভাবে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়াল, পেঁয়াজও কেজিতে ৫ টাকা বেশি
টানা বৃষ্টি ও সরবরাহ সংকটে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ থেকে ২৮০ টাকায় উঠেছে।
টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের প্রভাবে রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচা মরিচের দাম। এক মাস আগেও যে কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হতো, এখন সেই মরিচের দাম বাজারভেদে ২০০ থেকে ২৮০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজসহ প্রায় সব ধরনের সবজির দাম।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার এবং উত্তরার আশকোনা হজক্যাম্প এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কাঁচা মরিচসহ সবজির উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভালো মানের কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। টাউন হল বাজারে একই মরিচের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের মরিচ ২০০ টাকা এবং সাধারণ মানের মরিচ ১৬০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
উত্তরার আশকোনা হজক্যাম্প বাজারে সবজি কিনতে আসা জাকির হোসেন জানান, এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে তার খরচ হয়েছিল ৪০ টাকা। কিন্তু এখন একই পরিমাণ মরিচ কিনতে গুনতে হয়েছে ৬০ টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম দাঁড়িয়েছে প্রায় ২৪০ টাকা। তার ভাষায়, বৃষ্টির কারণে প্রায় প্রতিদিনই মরিচের দাম বাড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহ দেড়েক আগে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজি খেতে পানি জমে অনেক ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এরই মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবারও টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শুধু কাঁচা মরিচ নয়, পেঁয়াজের দামও বেড়েছে। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে, কিন্তু ক্রেতার চাহিদা আগের মতোই রয়েছে। ফলে দাম বাড়ছে। তার মতে, বর্তমানে ১০০ টাকার নিচে খুব কম ধরনের সবজি পাওয়া যাচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, টানা বৃষ্টি অব্যাহত থাকলে কৃষিপণ্য পরিবহন ও সরবরাহ আরও ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে কাঁচা মরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
