সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর যানজট ও দূষণ নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ।
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
বৈঠকে রাজধানীর বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পরিবেশ রক্ষায় দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন দীর্ঘদিন ধরে নগরের বায়ুদূষণ ও যানজট বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈঠকে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়। এ সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো প্রযুক্তি ব্যবহার করে হর্ন নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক করতে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু হলে যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যাল নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং যানজট কমাতে সহায়তা করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
