সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!
বিশ্বকাপ সেমিফাইনালের আগে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই বড় ধরনের সমর্থন পেল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছে।
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকেই বিদায় নেয়। এরপর কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের কথা জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তিতে বিশ্বকাপ জিততে না পারে, তাহলে ইংল্যান্ডের হাতে ট্রফি উঠলে সেটিও একটি স্মরণীয় গল্প হবে।
তিনি বলেন, দীর্ঘ ৬০ বছরের শিরোপা-খরা কাটানোর মতো সামর্থ্য এবার ইংল্যান্ড দলের রয়েছে। তার মতে, বর্তমান টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম ভারসাম্যপূর্ণ দল।
জুলিয়ানি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত ইংল্যান্ড দলের খবর রাখছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে একজন “দুর্দান্ত খেলোয়াড়” এবং “চমৎকার মানুষ” বলেও উল্লেখ করেছেন।
ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের পেছনে তার ছেলে ব্যারন ট্রাম্পের ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন জুলিয়ানি। তিনি জানান, কয়েক বছর আগে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলতে গিয়ে ট্রাম্পের ফুটবল-জ্ঞান সম্পর্কে ধারণা পেয়েছিলেন।
ইংল্যান্ড দল নিয়ে নিজের মূল্যায়নে জুলিয়ানি বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম এই দলের সবচেয়ে বড় শক্তি। সঠিক মানসিকতা ধরে রাখতে পারলে ইংল্যান্ড এবার বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে বলেও বিশ্বাস তার।
উল্লেখ্য, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১৬ জুলাই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
