টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, টমেটোর কেজি ২০০ টাকা

বাণিজ্য প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, টমেটোর কেজি ২০০ টাকা

টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে বেড়েছে বিভিন্ন সবজির দাম, টমেটোর কেজি পৌঁছেছে ২০০ টাকায়।

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে টমেটোর, যা এখন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে মুরগির দামও আগের মতোই উচ্চ পর্যায়ে রয়েছে।

রাজধানীর মিরপুর-৬ ও মিরপুর-১১ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটায় পর্যাপ্ত ট্রাক বাজারে পৌঁছাতে পারছে না। ফলে সরবরাহ কমে গিয়ে কিছু পণ্যের দাম বেড়েছে।

বর্তমানে পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্ধল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল প্রায় ৪০ টাকা। এছাড়া করলা ৫০ টাকা, কাঁকরোল ৫০-৬০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, আলু ৩০ টাকা এবং কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

মুরগির বাজারেও দাম কমেনি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা, সোনালি ৩০০-৩২০ টাকা, লাল লেয়ার ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭০০-৭২০ টাকা কেজি দরে।

ডিমের বাজারে ফার্মের লাল ডিম প্রতি ডজন ১২০ টাকা, সাদা ডিম ১১০ টাকা, হাঁসের ডিম ২০০-২২০ টাকা এবং দেশি মুরগির ডিম প্রতি হালি ৭০-৮০ টাকা দামে বিক্রি হচ্ছে।

চালের বাজারে ভালো মানের চিকন চাল প্রতি কেজি ৮৫-৮৮ টাকা, মাঝারি চাল ৬৫ টাকা এবং মোটা চাল ৫৫ টাকা। এছাড়া নাজিরশাইল ৮৫-৯০ টাকা, স্বর্ণা ও চায়না ইরি ৫৫-৫৮ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল ৭৮ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডালের মধ্যে চিকন মসুর ১৬০-১৭০ টাকা, মোটা মসুর ১০০-১১০ টাকা, বড় মুগ ১৪০ টাকা, ছোট মুগ ১৭০ টাকা, খেসারি ১০০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা এবং মাষকলাই ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই ও কাতলা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা, চিংড়ি ৬৫০-৭৫০ টাকা, কই ২০০-২৫০ টাকা, দেশি শিং ৬৫০-৭৫০ টাকা, শোল ৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, টেংরা ৫০০-৭০০ টাকা এবং কাঁচকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি কমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দাম আবার কিছুটা কমে আসতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন