সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর ও নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর ও নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, সীমিত সম্পদের কার্যকর ব্যবহার এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা আপাতত বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের সরকারি অর্থায়নে বিদেশ সফর এবং সুদমুক্ত বিশেষ ঋণের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি কেনার সুবিধাও স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে নতুন কোনো মোটরযান, জলযান কিংবা আকাশযান কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে না। তবে যেসব সরকারি যানবাহনের বয়স ১০ বছরের বেশি, সেগুলো প্রতিস্থাপনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজন হলে অর্থ বিভাগের পূর্বানুমোদন নিয়ে যানবাহন কেনা যাবে।

সরকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারের ওপরও গুরুত্ব দিয়েছে। নতুন পরিপত্রে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত বিশেষ যানবাহন ছাড়া সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন বা প্রতিস্থাপন হিসেবে কেনা সব জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) হতে হবে।

একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন চালু থাকা সুদমুক্ত বিশেষ ঋণের মাধ্যমে গাড়ি কেনার সুবিধাও আপাতত বন্ধ রাখা হয়েছে। অর্থ বিভাগ বলছে, সরকারি ব্যয় কমানো এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশ সফরের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি অর্থায়নে কোনো কর্মকর্তা বা কর্মচারী বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম কিংবা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না। তবে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা কিংবা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ থাকবে।

এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয় অথবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দেওয়া স্কলারশিপ ও ফেলোশিপের আওতায় মাস্টার্স, পিএইচডি কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের ওপরও কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবশ্যিক প্রশিক্ষণের বিদেশি অংশ প্রয়োজন হলে তা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আয়োজন করা যাবে। এছাড়া আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) কিংবা ফ্যাক্টরি অ্যাক্সেপটেন্স টেস্ট (এফএটি)-এর মতো বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি কর্মকর্তাদের বিদেশ সফর বিবেচনা করা হবে। তবে যেখানে সম্ভব, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগারের মাধ্যমে এসব কার্যক্রম সম্পন্ন করতে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

সরকার নতুন ভবন নির্মাণেও ব্যয় নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। পরিচালন বাজেটের আওতায় নতুন আবাসিক, অনাবাসিক কিংবা অন্যান্য ভবন নির্মাণ করা যাবে না। তবে যেসব প্রকল্পের নির্মাণকাজ অন্তত ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন নিয়ে শেষ করা যাবে।

ভূমি অধিগ্রহণেও নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। পরিচালন বাজেট থেকে এ খাতে কোনো অর্থ ব্যয় করা যাবে না। তবে উন্নয়ন বাজেটের আওতায় প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ভূমি অধিগ্রহণের ব্যয় করা যাবে।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, পরিচালন বাজেটের থোক বরাদ্দ থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না। তবে পরিকল্পনা কমিশনের অধীন ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাতে সংরক্ষিত অর্থ অর্থ বিভাগের পূর্বানুমোদন নিয়ে ব্যবহার করা যাবে। এছাড়া এই পরিপত্র জারির আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কিছু শর্ত শিথিল করা হতে পারে।

পরিপত্রে সরকারি সব প্রতিষ্ঠানের প্রতি ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্প ও ব্যয়ে ‘ভ্যালু ফর মানি’ বা অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সূত্র:ইত্তেফাক

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন