পরীক্ষায় নকল করলে ৫ বছরের জেল, সংসদে প্রস্তাব

শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
পরীক্ষায় নকল করলে ৫ বছরের জেল, সংসদে প্রস্তাব

পাবলিক পরীক্ষায় নকল ও ডিজিটাল কারসাজির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নফাঁস, ডিজিটাল কারসাজি এবং পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মতো অপরাধ দমনে আরও কঠোর আইন আনছে সরকার। এসব অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে বিলটি পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সনদ তৈরি এবং অন্যান্য অসদুপায় রোধে ১৯৮০ সালে ‘দি পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছিল। তবে প্রযুক্তির দ্রুত বিস্তার এবং ডিজিটাল মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় বিদ্যমান আইনের বেশ কয়েকটি ধারা সময়োপযোগী নয়।

প্রস্তাবিত সংশোধনীতে প্রথমবারের মতো ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ বা ডিজিটাল কারসাজির সংজ্ঞা যুক্ত করা হয়েছে। এর আওতায় পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, তথ্য পরিবর্তন, সাইবার হামলা কিংবা অনলাইনের মাধ্যমে যেকোনো ধরনের কারসাজিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিলে বলা হয়েছে, ডিজিটাল কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারবেন।

এ ছাড়া সংঘবদ্ধভাবে প্রশ্নফাঁস, পরীক্ষায় জালিয়াতি বা এসব অপরাধ সংঘটনের উদ্দেশ্যে চক্র গঠন ও পরিচালনার ক্ষেত্রেও আরও কঠোর শাস্তি এবং উচ্চ অঙ্কের আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।

সরকারের ভাষ্য, ডিজিটাল যুগে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে নতুন ধরনের অপরাধ মোকাবিলায় আইনটি সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে। সংশোধিত আইন কার্যকর হলে প্রযুক্তিনির্ভর পরীক্ষা জালিয়াতি দমনে আরও শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন