সব জিমেইল ব্যবহারকারীর জন্য আসছে নতুন AI সুবিধা, দীর্ঘ ই-মেইল পড়তে হবে না

টেক নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
সব জিমেইল ব্যবহারকারীর জন্য আসছে নতুন AI সুবিধা, দীর্ঘ ই-মেইল পড়তে হবে না

সব জিমেইল ব্যবহারকারীর জন্য আসছে নতুন AI সুবিধা

ই-মেইল কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা উন্মুক্ত করছে গুগল। ‘AI Overviews Conversation Summaries’ নামের এই ফিচারের মাধ্যমে দীর্ঘ ই-মেইল থ্রেডের মূল তথ্য সংক্ষিপ্ত আকারে দেখাবে জিমেইল। ফলে ব্যবহারকারীদের আর প্রতিটি ই-মেইল আলাদাভাবে পড়তে হবে না।

এতদিন সুবিধাটি মূলত গুগলের নির্দিষ্ট সাবস্ক্রিপশন গ্রাহক এবং যুক্তরাষ্ট্রের কিছু জিমেইল ব্যবহারকারীর জন্য সীমিত ছিল। তবে এবার ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের সব জিমেইল ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, নতুন এই সুবিধাটি জেমিনাই (Gemini) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। কোনো ই-মেইল থ্রেডে একাধিক বার্তা থাকলে AI স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে উপস্থাপন করবে। এর ফলে দীর্ঘ অফিসিয়াল আলোচনা, টিম মিটিং, প্রকল্প আপডেট কিংবা গ্রাহক যোগাযোগের তথ্য দ্রুত জানা সম্ভব হবে।

নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব—তিনটি প্ল্যাটফর্মেই চালু করা হবে। গুগল জানিয়েছে, বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

প্রাথমিকভাবে AI Overviews Conversation Summaries সুবিধাটি ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আরও ভাষা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীদের জন্য ফিচারটি বন্ধ করার সুযোগও রেখেছে গুগল। ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংস থেকে AI-নির্ভর এই সুবিধা বন্ধ করে দিতে পারবেন।

ফিচারটি বন্ধ করতে প্রথমে জিমেইলের Settings মেনুতে যেতে হবে। এরপর General ট্যাবের অধীনে থাকা Google Workspace Smart Features অপশন নির্বাচন করে Manage Workspace Smart Features মেনু থেকে AI Overviews Conversation Summaries বন্ধ করা যাবে।

তবে গুগল সতর্ক করে জানিয়েছে, এই সুবিধা বন্ধ করলে জিমেইলের অন্যান্য স্মার্ট ফিচারও অকার্যকর হয়ে যেতে পারে। ফলে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি বিবেচনা করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্র, শিক্ষা এবং ব্যবসায়িক যোগাযোগে নিয়মিত ই-মেইল ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি সময় সাশ্রয়ী একটি সমাধান হতে পারে। বিশেষ করে দীর্ঘ ই-মেইল থ্রেড দ্রুত বুঝতে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে AI-নির্ভর এই সারাংশ সুবিধা কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন