সৌদি কোচের হুঁশিয়ারি: আর্জেন্টিনার মতো পরিণতি হতে পারে স্পেনেরও
সৌদি কোচের হুঁশিয়ারি: আর্জেন্টিনার মতো পরিণতি হতে পারে স্পেনেরও
বিশ্বকাপের মঞ্চে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই অপ্রত্যাশিত হার এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তাজা। কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। এবার স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই স্মৃতিই সামনে এনে সতর্কবার্তা দিলেন সৌদি আরবের কোচ গিওরগিওস দোনিস।
আজ রাত ১০টায় আটলান্টায় মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দোনিস বলেন, ফুটবলে বড় দলকে হারানো অসম্ভব কিছু নয়। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে এবং সৌদি আরব নিজেও তার উদাহরণ তৈরি করেছে।
গ্রিক এই কোচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে জয় তাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে আছে। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নামলেও প্রতিপক্ষকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে কিছুটা চাপে রয়েছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে সৌদি আরব। ফলে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গত এপ্রিলে সৌদি আরবের দায়িত্ব নেওয়া দোনিসের বিশ্বাস, আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি তার দলকে নতুন করে অনুপ্রাণিত করবে। তিনি আশা করছেন, স্পেনের বিপক্ষেও একই রকম লড়াই উপহার দিতে পারবেন তার খেলোয়াড়েরা।
এদিকে স্পেনের সবচেয়ে বড় ভরসা হিসেবে উঠে এসেছে লামিনে ইয়ামালের নাম। কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও আজকের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে বার্সেলোনার এই তরুণ তারকাকে।
ইয়ামালকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন দোনিস। তার মতে, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলার ইয়ামাল। এমনকি তিনি মনে করেন, ইয়ামাল মাঠে না থাকলে স্পেনের আক্রমণভাগের ধার অনেকটাই কমে যায়।
সৌদি কোচ বলেন, মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল যে পরিণত ফুটবল খেলছেন, তা সত্যিই অসাধারণ। বার্সেলোনায় তিনি ধীরে ধীরে লিওনেল মেসির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে শুরু করেছেন বলেও মন্তব্য করেন দোনিস।
এখন দেখার বিষয়, আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখানো সৌদি আরব স্পেনের বিপক্ষেও নতুন কোনো রূপকথা লিখতে পারে কি না।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array