হাইতিকে উড়িয়ে নকআউটের পথে ব্রাজিল

reporter
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
হাইতিকে উড়িয়ে নকআউটের পথে ব্রাজিল

হাইতিকে উড়িয়ে নকআউটের পথে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা আরও উজ্জ্বল হয়েছে কার্লো আনচেলত্তির দলের।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ম্যাচের প্রথম দিকে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। ভিনিসিয়ুস জুনিয়রের শট ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা।

গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্রাজিল। হাইতির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে আবারও গোলের দেখা পান কুনহা। ভিনিসিয়ুসের বাড়ানো নিখুঁত পাস থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। তার উদযাপনের পরিচিত ‘সার্ফিং’ ভঙ্গিও গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়।

প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। লুকাস পাকেতার দারুণ এক চিপ পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করে ব্রাজিল। ৬৮তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট পোস্টে লেগে ফিরে আসে। পরে বদলি হিসেবে মাঠে নেমে জালও কাঁপান তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

ম্যাচের শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। তবু ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ১-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। ফলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে বড় সুবিধা পেল আনচেলত্তির শিষ্যরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন