মদনে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ ট্রাকসহ আটক চালক ও সহকারী, মামলা দায়েরের নির্দেশ
নেত্রকোনার মদন উপজেলায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চালবোঝাই একটি ট্রাক বের হয়। প্রায় ২০ টন চাল নিয়ে ট্রাকটি জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে যাওয়ার পথে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে যান মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার।
এ সময় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। চালক শামীম সরকারি সিলমোহরযুক্ত ৬৬৭ বস্তা চাল পরিবহনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “আমি এলাকায় নেই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না।”
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, খবর পেয়ে সরকারি চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দ হওয়া চালভর্তি ট্রাকসহ চালক ও তাঁর সহকারী বর্তমানে থানায় রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
Array