বিশ্বকাপের মঞ্চে নামার আগে মাঠের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তবে শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগেই নিরাপত্তা ত্রুটির একটি ঘটনায় আলোচনায় উঠে এসেছে দলটি। গণমাধ্যমের খবরে জানা গেছে, অধিনায়ক লিওনেল মেসিসহ আর্জেন্টিনা জাতীয় দলের পুরো স্কোয়াডের পাসপোর্টসংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে গেছে।
আরও পড়ুনঃ- এবারের বিশ্বকাপে প্রযুক্তির যেসব জাদু দেখবে বিশ্ব
ঘটনাটি ঘটে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিক ও সংশ্লিষ্টদের জন্য যে অফিসিয়াল দলীয় তালিকা বিতরণ করা হয়েছিল, সেখানে খেলোয়াড়দের নামের পাশাপাশি পাসপোর্ট নম্বরও দৃশ্যমান ছিল বলে জানা গেছে।
সাধারণত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে বিশেষ সতর্কতা অনুসরণ করা হয়। এ ধরনের নথি প্রকাশের আগে পাসপোর্ট নম্বর বা অন্যান্য সংবেদনশীল তথ্য ঝাপসা করে দেওয়া হয়। কিন্তু এবার সেই নিরাপত্তা প্রক্রিয়ায় ত্রুটি থাকায় তথ্যগুলো প্রকাশ্যে চলে আসে।
প্রতিবেদন অনুযায়ী, তালিকায় আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের নামের সঙ্গে পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টের আগে এমন ঘটনা নিরাপত্তা সংশ্লিষ্টদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এএফএ কিংবা আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যদিও মাঠের খেলায় এই বিতর্কের কোনো প্রভাব দেখা যায়নি। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৮৮ হাজারের বেশি দর্শক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। পরে চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন।
৬৯তম মিনিটে মাঠে নামার মাত্র দুই মিনিট পরই পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাঁর গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়ে। ম্যাচের শেষদিকে থিয়াগো আলমাদার গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্ব সফলভাবে শেষ করেছে আর্জেন্টিনা। তবে মাঠের সাফল্যের পাশাপাশি পাসপোর্ট তথ্য ফাঁসের ঘটনা দলটির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠছে আজ দিবাগত রাতে। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা আগামী বুধবার। নিজেদের প্রথম ম্যাচে উত্তর আফ্রিকার দল আলজেরিয়ার মুখোমুখি হবে মেসিরা।
সূত্র: রয়টার্স, আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম
আরও পড়ুনঃ- বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোতে স্কুল-কলেজ বন্ধ










