দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি চাকরির সুযোগ নিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৭-এ ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ব্যাচে কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নৌবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষা ও প্রকৌশল শাখায় একাধিক বিষয়ে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩২ পদে নিয়োগ, আবেদন ৩০ জুন পর্যন্ত
যেসব শাখায় নিয়োগ
নিয়োগ কার্যক্রমের আওতায় শিক্ষা শাখার স্পেশাল এডুকেশন এবং সাধারণ বিষয় বিভাগে কর্মকর্তা নেওয়া হবে। এছাড়া শিক্ষা শাখার ইঞ্জিনিয়ার বিভাগেও কমিশন্ড অফিসার নিয়োগ দেওয়া হবে।
স্পেশাল এডুকেশন বিভাগে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।
সাধারণ শিক্ষা শাখার জন্য ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং মাস্টার্স ডিগ্রি প্রয়োজন। একাডেমিক ফলাফলেও নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
অন্যদিকে ইঞ্জিনিয়ার শাখায় আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং বিএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ আবশ্যক।
বয়স ও বৈবাহিক অবস্থা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বিবাহিত ও অবিবাহিত—উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ওজন কমপক্ষে ৫০ কেজি থাকতে হবে।
নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। ওজন কমপক্ষে ৪৬ কেজি থাকতে হবে।
কারা আবেদন করতে পারবেন না
দ্বৈত নাগরিকত্বধারীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তিরাও অযোগ্য বিবেচিত হবেন।
যেসব প্রার্থী আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হয়েছেন, তারাও আবেদন করতে পারবেন না। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর পুনরায় সুযোগ পাওয়ার বিধান রয়েছে।
এ ছাড়া আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত ব্যক্তি, আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ ব্যক্তিরাও আবেদন করার সুযোগ পাবেন না।
আবেদন শেষ কবে
বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭-এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে আবেদন গ্রহণ চলবে আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশসেবার পাশাপাশি সম্মানজনক ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।
আবেদনের নিয়ম
প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের APPLY NOW–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ মে ২০২৬
আবেদন শেষ: ১১ জুলাই ২০২৬
*বিস্তারিত দেখুন https://joinnavy.navy.mil.bd/ এই ঠিকানায়।
সূত্র: প্রথম আলো
আরও পড়ুন- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৮৬ পদে নিয়োগ
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!










