দেশের কৃষি ও সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নতুন করে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করছে সরকার। এ কর্মসূচির আওতায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি সূত্র জানায়, আগামী সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সাহাপাড়া–বলরামপুর খাল পরিদর্শন শেষে এ তথ্য জানান মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও পড়ুন-বান্দরবানে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, ১,০৯৭ পরিবার পাবে মাসে ২,৫০০ টাকা
খাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সময়ে দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য খাল খনন করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এসব খালের অনেকগুলো ভরাট হয়ে গেছে। ফলে সেচব্যবস্থা ব্যাহত হওয়া ছাড়াও অনেক এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে।
সরকারের নতুন এই কর্মসূচির মাধ্যমে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা উন্নয়ন এবং খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাছ চাষ, হাঁস পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সাহাপাড়া এলাকার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন করা হলে আশপাশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুবিধা তৈরি হবে এবং বন্যার ঝুঁকি কমবে। অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পেয়ে চাষাবাদ বাড়াতে পারবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে ১৬ মার্চ আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়ায় গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় এক সমাবেশে বক্তব্য দেবেন।
এরপর তিনি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন-ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ডে’ সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









