দেশের বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে তরুণরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে কাজের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন-চাঁদাবাজির বিরুদ্ধে নতুন ওয়েবসাইট Chandabaaj.com – রিপোর্ট করুন অনলাইনে
বৈঠকে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন এবং মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বিদেশগামী কর্মীদের জন্য সহজ ঋণ সুবিধার নির্দেশ
বৈঠকে বিদেশে কাজের জন্য অনেককে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়—এ বিষয়টি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন, যাতে বিদেশে যেতে আগ্রহী শ্রমিকরা সহজে স্বল্প সুদে ব্যাংক ঋণ পেতে পারে।
ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়েও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা
এদিকে বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো হলো—
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
-
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
-
এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সরকার মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী কর্মী ও বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষার সময় সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারের সময় মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে একটি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে শনিবার থেকে মন্দিরটির সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ঢাকার দুই সিটি প্রশাসনের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-স্কুল-কলেজ, হাসপাতাল ও জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









