৭৭ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা, আসছে নতুন গণবিজ্ঞপ্তি

SSIT BARI DESK
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ণ
৭৭ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা, আসছে নতুন গণবিজ্ঞপ্তি

৭৭ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা, আসছে নতুন গণবিজ্ঞপ্তি

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটাতে বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তথ্য ই-রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন- স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শূন্যপদগুলোর তথ্য যাচাই-বাছাই শেষে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। নিয়োগ সম্পন্ন হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত পাঠদানের সুযোগ পাবে।

তিনি জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্যপদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে সরকারি স্কুলগুলোর শিক্ষক সংকটও উল্লেখযোগ্যভাবে কমবে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বর্তমানে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শিক্ষামন্ত্রী সংসদে দেওয়া তথ্যে জানান, গত দুই বছরে এনটিআরসিএর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ২০২৫ সালের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন এবং ২০২৬ সালের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষককে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

শিক্ষা খাত সংশ্লিষ্টদের মতে, নতুন এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজগুলোতে পাঠদানের মান উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

চাকরিপ্রত্যাশীদের জন্যও এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ, নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে হাজারো নিবন্ধনধারী প্রার্থী শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন- সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরি, আবেদন ২১ জুন পর্যন্ত

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন