রাজনৈতিক সংঘাত নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের যে বার্তা
রাজনীতিতে সংঘাত নয়, সমঝোতার আহ্বান রাষ্ট্রপতির
রাজনীতিতে সংঘাত, প্রতিহিংসা ও পরস্পরকে হয়রানির সংস্কৃতি পরিহার করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে এগিয়ে যেতে পারে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে এম.বি.এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ম্যাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সংগঠনটি দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তুলতে হবে। জাতীয় স্বার্থকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার চর্চা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাতে ম্যাবের প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি ম্যাবের প্রতিনিধিদের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে এর ভূমিকা নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদলে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহসভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির এবং গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিবও উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
