চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

অবৈধ সিলিকা বালু উত্তোলনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে পরিবহনের সময় আবজল নামে ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার বদরগাজী এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আবজল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আব্দুলাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার উপপরিদর্শক তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল বদরগাজী এলাকায় অভিযান চালিয়ে আবজলকে আটক করে। পরে ঘটনাস্থলে তদন্ত করে পুলিশ জানতে পারে, ওই যুবক বদরগাজী এলাকা থেকে অনুমোদন ছাড়া সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আবজলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। এ কারণে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন বা পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে প্রশাসন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page