রাণীনগরে সড়কে গণছিনতাই, টাকা-মোবাইল লুট; আহত ৪
নওগাঁর রাণীনগরে সড়কে ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছে পুলিশ।
নওগাঁর রাণীনগরে সড়কে একাধিক পথচারীকে আটকে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে টাকা ও অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় তাদের হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি তার বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন, বাশার আহম্মেদ ও বানিয়াপাড়া গ্রামের আজাহার আলীকে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেলে করে আবাদপুকুর থেকে বাড়ি ফিরছিলেন।
পথে বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা এলাকায় পৌঁছালে তারা সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনা মনে করে তারা মোটরসাইকেলের গতি কমালে হাফপ্যান্ট ও মুখোশ পরা চারজন ব্যক্তি ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।
সুজন হোসেন জানান, ছিনতাইকারীরা তাদের মারধর করে সড়কের পাশে বসিয়ে রাখে। পরে তাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় হাসুয়ার পিঠ দিয়ে আঘাত করায় শামীম হোসেন আহত হন। তিনি আরও জানান, ওই স্থানে ছিনতাইকারীরা আরও কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল।
এদিকে রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান, তিনি তার দুই বন্ধু তৌহিদ ও ইউসুফ হোসেনকে নিয়ে বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। একই স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত মোটরসাইকেলে লোহার রড দিয়ে আঘাত করে।
এতে তারা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান। পরে ছিনতাইকারীরা তাদের হাসুয়া ও লোহার রড দিয়ে মারধর করে টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ওই সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ফয়সাল জানান, ছিনতাইকারীরা তাদের চলে যেতে বললে তিনি সুযোগ নিয়ে একটি মোটরসাইকেলে উঠে গ্রামের দিকে গিয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, তিনি ও তৌহিদ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ইউসুফ হোসেনের হাত ভেঙে যাওয়ায় এবং গুরুতর আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, ছিনতাইকারীরা প্রায় আটজনের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা এবং আটটি মোবাইল ফোন নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
