ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের তিন মাসের বিশেষ উদ্যোগ

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে।

তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। এর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সরকারের বিশেষ কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে এ কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন।

এ সময় এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থান চিহ্নিত করা হবে। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হবে।

পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

সরকারের লক্ষ্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিশেষ করে টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ডেঙ্গু প্রতিরোধের বার্তা প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর উদ্বোধনের পর আগামী তিন মাস দেশজুড়ে চলবে এই বিশেষ কার্যক্রম।

মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল শনাক্ত করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page