এক দশক পর নতুন রূপে ফিরছে শাকিব খান
এক দশক পর নতুন রূপে ফিরছে শাকিব খানের ‘অপারেশন অগ্নিপথ’।
দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে নতুন পরিকল্পনায় পর্দায় আসছে ঢালিউড অভিনেতা শাকিব খানের আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। প্রায় এক দশক আগে নির্মাণকাজ শুরু হলেও নানা কারণে থেমে যাওয়া সিনেমাটি এবার আধুনিক আঙ্গিকে নতুনভাবে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের শুটিং ও টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল ‘অপারেশন অগ্নিপথ’ ঘিরে। তবে নির্মাণসংক্রান্ত অভ্যন্তরীণ জটিলতা ও বিভিন্ন টানাপোড়েনের কারণে দীর্ঘদিন আটকে ছিল সিনেমাটির কাজ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সময়ের দর্শকের চাহিদা ও আধুনিক সিনেমা নির্মাণের বিষয়টি বিবেচনায় নিয়ে সিনেমাটির গল্পে কিছু পরিবর্তন আনা হবে। মূল গল্পের সঙ্গে নতুন কিছু উপাদান যুক্ত করে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই নতুন পরিকল্পনায় ‘অপারেশন অগ্নিপথ’ পুনরায় শুরু করার বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। গল্পের পরিবর্তনের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পী তালিকাতেও কিছু পরিবর্তন আসতে পারে।
সিনেমাটির মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে শুরু হবে সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ। এরপর ২০২৭ সালের ঈদের বাইরের কোনো সুবিধাজনক সময়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ প্রযুক্তি ও নতুন পরিকল্পনায় শাকিব খানের এই প্রত্যাবর্তন ঢালিউডে নতুন আলোচনা তৈরি করেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
