ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির দাবি করেছে একটি হ্যাকার গোষ্ঠী।

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর‍্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। এসব সিভি দেশের জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে বিডিজবস।

রোববার (২৩ আগস্ট) ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে হ্যাকার গোষ্ঠীটি এই বিজ্ঞাপন প্রকাশ করে। পোস্টে দাবি করা হয়েছে, তাদের কাছে বিডিজবসে থাকা ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি রয়েছে।

হ্যাকারদের দাবি অনুযায়ী, এসব সিভিতে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে।

বিজ্ঞাপনে প্রতিটি সিভির একটি কপির দাম ১ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। অর্থ পরিশোধের জন্য পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের নাম উল্লেখ করা হয়েছে।

নিজেদের দাবির পক্ষে হ্যাকার গোষ্ঠীটি ১৪৮টি সিভির নমুনা প্রকাশ করেছে। প্রকাশিত নমুনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ সিভিই পুরোনো। এর মধ্যে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ আপডেট করা সিভির সংখ্যা বেশি।

প্রকাশিত নমুনার মধ্যে থাকা দুজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কয়েক বছর আগে বিডিজবসে নিজেদের সিভি আপলোড করেছিলেন। তারা দুজনই বেসরকারি চাকরিজীবী।

ব্যক্তিগত তথ্য ফাঁসের এমন দাবিতে উদ্বেগ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, একটি সিভিতে থাকা নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য একত্রে ব্যবহার করে অপরাধীরা একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিজিটাল পরিচিতি তৈরি করতে পারে।

তিনি বলেন, এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধের ঝুঁকি তৈরি হতে পারে।

তবে চাকরিপ্রার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।

তিনি বলেন, শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রোফাইল দেখার ক্ষেত্রেও বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।

ফাহিম মাশরুর জানান, বিডিজবসে নিবন্ধিত বিপুলসংখ্যক নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। তবে এসব তথ্য শুধু নিয়োগপ্রক্রিয়ার কাজে ব্যবহারের অনুমতি রয়েছে।

কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করলে এবং বিষয়টি বিডিজবসের নজরে এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তথ্য ফাঁসের দাবি সত্য কি না, তা যাচাই করা জরুরি। একই সঙ্গে নাগরিকদের অনলাইনে ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page