বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

আইনশৃঙ্খলা বাহিনীর নতুন কাঠামো

বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর আইনটির খসড়া এখন ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রস্তাবিত আইনটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে পাস হলে এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।

প্রস্তাবিত আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠন করা হবে।

আইনের খসড়ায় সাধারণ নাগরিকদের অভিযোগ নিষ্পত্তি এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ সমাধানের জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত আইনে এসআরবির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তদন্তসংক্রান্ত বিশেষ ক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে। খসড়া অনুযায়ী, প্রচলিত অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও ফৌজদারি কার্যবিধি অনুসারে তল্লাশি, আটক, জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য প্রস্তাবিত আইনের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

২০০৪ সালে পুলিশের বিশেষায়িত বাহিনী হিসেবে র‍্যাব গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে এই বাহিনীর কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ঘিরে দেশ-বিদেশে আলোচনা হয়।

কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যাকাণ্ডের পর র‍্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটিও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উদ্যোগের মাধ্যমে বিশেষায়িত আইনশৃঙ্খলা ইউনিটের কাঠামোতে পরিবর্তনের প্রক্রিয়া এখন আইনি পর্যায়ে এগোচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page