চিকিৎসক সমাবেশে তারেক রহমান, নিমগাছের চারা রোপণ ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
চিকিৎসক সমাবেশে তারেক রহমান, নিমগাছের চারা রোপণ ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।

চিকিৎসক সমাবেশের কর্মসূচির আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন। পরিবেশের প্রতি সচেতনতা এবং সবুজায়নের বার্তা দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করা হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসক ও সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, দেশের স্বাস্থ্যসেবা এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।

ড্যাব দীর্ঘদিন ধরে দেশের চিকিৎসক সমাজের পেশাগত ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশ সংগঠনটির কার্যক্রম ও চিকিৎসকদের অংশগ্রহণের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে একই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশের চিকিৎসা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রত্যাশা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page