বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা, দিনক্ষণ চূড়ান্ত থাকছে বিশেষ আয়োজন
বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন রোনালদো ও জর্জিনা
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। আগামী শনিবার নিজ জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদো। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের অনুষ্ঠান হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক একটি ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী সেখানে সাধারণত বিকেল ৩টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিয়ের পর অতিথিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে ফুনচালের বিলাসবহুল পাঁচ তারকা হোটেল স্যাভয় প্যালেসে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান ও অতিথিদের নিরাপত্তার কথা বিবেচনা করে শুক্রবার ও শনিবার হোটেলটির দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, পর্তুগালের সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে বিয়ে করবেন রোনালদো-জর্জিনা। তবে পরে জানা যায়, ওই স্থানে নির্ধারিত সময়েও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ চালু থাকবে। এরপরই বিয়ের ভেন্যু হিসেবে মাদেইরার তথ্য সামনে আসে।
রোনালদোর জন্য মাদেইরা শুধু একটি বিয়ের স্থান নয়, এটি তার আবেগের জায়গাও। এই দ্বীপেই তার জন্ম ও বেড়ে ওঠা। ফুনচাল শহরে তার সম্মানে রয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য এবং তার নামের সঙ্গে যুক্ত একটি হোটেলও।
বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও রোনালদোর শৈশব ছিল সংগ্রামের। ছোটবেলায় সীমিত সামর্থ্যের পরিবারের সঙ্গে বেড়ে ওঠা এই তারকা মাত্র ১১ বছর বয়সে লিসবনে চলে যান স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে। তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত জন্মভূমিতে উদযাপন করা তার জন্য বিশেষ আবেগের বিষয়।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তার পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।
সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় দুজনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। দীর্ঘদিনের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে প্রবেশ করতে যাচ্ছেন ফুটবলের এই মহাতারকা ও জর্জিনা রদ্রিগেজ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
