সরকারের তিন শর্ত মেনে আবারও কার্যক্রম চালাবে আদ্-দ্বীন হাসপাতাল

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
সরকারের তিন শর্ত মেনে আবারও কার্যক্রম চালাবে আদ্-দ্বীন হাসপাতাল

সরকারের তিনটি শর্ত মেনে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল।

সরকারের আরোপ করা তিনটি শর্ত মেনে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি পেল আদ্-দ্বীন হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় সেবা চালুর অনুমতি দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই করা এক স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

তবে হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে সরকার তিনটি শর্ত বেঁধে দিয়েছে। প্রথমত, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

তৃতীয়ত, লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন বা প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন ও বিষয়টি পর্যালোচনার পর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন