স্কুলের টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী, দুজনের অবস্থা গুরুতর

reporter
শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
স্কুলের টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী, দুজনের অবস্থা গুরুতর

স্কুলের টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি স্কুলের টিউবওয়েলের পানি পান করে অন্তত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে বেশিরভাগ শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পাঁচজন শিক্ষার্থীকে চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ক্লাস চলাকালে কয়েকজন শিক্ষার্থী স্কুলের টিউবওয়েলের পানি পান করার পর অসুস্থ বোধ করতে শুরু করে। পরে একে একে আরও শিক্ষার্থী একই ধরনের সমস্যায় আক্রান্ত হয়। বিষয়টি জানাজানি হলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের টিউবওয়েলের পানিতে কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা কৃষিকাজে ব্যবহৃত তরল কীটনাশক মিশে থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নলকূপে কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক ঢেলে থাকতে পারে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তথ্যসূত্র: শিক্ষাডটকম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন