আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন বইয়ে যুক্ত হচ্ছে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন এবং শেখ হাসিনাবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং মিডিয়া লিটারেসি সম্পর্কিত নতুন বিষয়।
আরও পড়ুন- অবৈতনিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ
এনসিটিবি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়টিও নতুন পাঠ্যবইয়ে স্থান পাবে।
বুধবার (২০ মে) পাঠ্যবইয়ের সার্বিক বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আগামী শিক্ষাবর্ষের বই পরিমার্জনের কাজ চূড়ান্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের “আমাদের স্মরণীয় নেতা” অধ্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানর অবদান তুলে ধরা হবে।
অন্যদিকে মাধ্যমিক স্তরের ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক বলেন, স্বাধীনতার পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিভিন্ন আন্দোলনে যাদের অবদান রয়েছে, সেগুলো সঠিকভাবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এদিকে প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এআই ব্যবহার, অনলাইন নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ এবং গণমাধ্যম সচেতনতা।
এনসিটিবি আরও জানিয়েছে, চতুর্থ শ্রেণিতে “খেলাধুলা ও সংস্কৃতি” এবং ষষ্ঠ শ্রেণিতে “লার্নিং উইথ হ্যাপিনেস” নামে নতুন বই যুক্ত করা হবে।
পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যেই সব বই ছাপানোর কাজ শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শিক্ষাবিদদের মতে, নতুন প্রজন্মকে প্রযুক্তি ও সমসাময়িক ইতিহাস সম্পর্কে সচেতন করতে পাঠ্যবইয়ে এসব বিষয় অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র
আরও পড়ুন- ক্লাসে উপস্থিতি কম হলেই ফরম পূরণ বন্ধ, কঠোর নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের









