জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে। এখন থেকে ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষার নম্বরে নির্ধারিত মান পূরণ করতে না পারলে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন না।
শুক্রবার (২২ মে) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষাকে সামনে রেখে ইনকোর্স পরীক্ষা ও নম্বর প্রেরণ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন- অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন হঠাৎ স্থগিত, নতুন নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ এবং ইনকোর্স পরীক্ষার জন্য ১৫ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে উপস্থিতির ক্ষেত্রে ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ফরমপূরণের জন্য অযোগ্য বিবেচনা করা হবে।
এ ছাড়া একজন শিক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে বলেও জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর যদি ৪০ শতাংশের কম হয়, তাহলেও ওই শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষের জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রি না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নাম ফরমপূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা এবং শিক্ষার মানোন্নয়নেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষাবিদদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনিয়মিত ক্লাস ও কম উপস্থিতির অভিযোগ ছিল। নতুন এই নির্দেশনা শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে অনেক শিক্ষার্থী মনে করছেন, নিয়মিত ক্লাস নিশ্চিত করতে কলেজগুলোকেও সমানভাবে দায়িত্ব নিতে হবে।
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি
আরও পড়ুন- বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নে পাশে থাকবে জার্মানি










