ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ আবেদনের খবর ছড়িয়ে পড়তেই একটি ইউনিয়ন পরিষদে ভিড় জমিয়েছেন শতাধিক নারী। তবে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনা না থাকলেও আবেদন নেওয়া এবং টাকা আদায়ের অভিযোগ উঠেছে ১২ নম্বর আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে।
ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
আরও পড়ুন-নতুন ফ্যামিলি কার্ড আবেদন করার নিয়ম(অনলাইন ও অফলাইন)
পাইলট প্রকল্পে নেই ফুলবাড়ীয়া, তবুও আবেদন শুরু?
সরকারের ঘোষিত উদ্যোগ অনুযায়ী, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে জেলার কয়েকটি উপজেলায় একটি করে ইউনিয়নে পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানা যায়। তবে ফুলবাড়ীয়া উপজেলার নাম পাইলট তালিকায় না থাকলেও আছিম পাটুলী ইউনিয়নে প্রচারণা চালিয়ে আবেদন নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও প্রশ্ন তৈরি হয়েছে।
ইউনিয়ন পরিষদে নারীদের দীর্ঘ সারি
দুপুরে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, অনেক নারী ছবি ও টাকা হাতে নিয়ে আবেদন করতে এসেছেন। উদ্যোক্তার কক্ষে ভিড় করে তারা আবেদন জমা দিচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, কোনো ধরনের সরকারি রসিদ বা নির্ধারিত ফরম ছাড়া ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।
বাশদী গ্রামের এক আবেদনকারী জানান, সকালে শুনে ১০০ টাকা নিয়ে এসেছেন। চেয়ারম্যানের এক স্বজন টাকা নিয়েছেন, কিন্তু কোনো কাগজ দেননি।
আরেক নারী বলেন, লোকমুখে শুনে আবেদন করতে এসেছেন। টাকা নেওয়া হয়েছে, তবে কবে বা কীভাবে কার্ড দেওয়া হবে—তা পরিষ্কার নয়।
চেয়ারম্যানের বক্তব্য
আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস দাবি করেন, কেউ যদি কম্পিউটারে আবেদন নেয়, তাহলে ফি নেওয়া হতে পারে। তবে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো সরকারি চিঠি তিনি পাননি এবং কাউকে আনুষ্ঠানিক নির্দেশও দেননি বলে জানান।
প্রশাসনের প্রতিক্রিয়া
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা ছাড়া ইউনিয়ন পরিষদে আগাম আবেদন গ্রহণ করা উচিত নয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বের অভিযোগ নিয়েও আলোচনা
স্থানীয়দের একটি অংশের অভিযোগ, বাজার উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও আগে অনিয়মের অভিযোগ উঠেছিল। ফলে নতুন এই ঘটনার পর ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক আরও বেড়েছে।
সরকারি নির্দেশনা ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া অর্থ গ্রহণের অভিযোগ সত্য হলে তা আইনগত জটিলতায় গড়াতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
আরও পড়ুন-ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ডে’ সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










