দেশের অন্যতম আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মুকুট নিজের করে নেন তিনি। এর মধ্য দিয়ে আগামী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন এই তরুণী।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। চূড়ান্ত পর্বে বিভিন্ন ধাপে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা এবং মঞ্চে পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর প্রতিষ্ঠাতা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিং দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়েই এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে তাদের ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে উঠে আসা অনেকেই ফ্যাশন ও মিডিয়া অঙ্গনে সফলভাবে কাজ করছেন।
এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, দ্য ডেইলি স্টার-এর স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো মঞ্চ মাতাবেন শাকিরা, বিবার, ম্যাডোনা
মুকুট জয়ের পর সামানজার সাঈদের সামনে অপেক্ষা করছে আন্তর্জাতিক মঞ্চ। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তিনি। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
দেশের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যাশা করছেন আয়োজকরা। নতুন বিজয়ী সামানজার সাঈদও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে নিজের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।
আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!