এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবরের ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ভবিষ্যতে ধাপে ধাপে শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে তিনি শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনা ও চলমান উদ্যোগের বিষয়েও কথা বলেন।

আরও পড়ুন- মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে নিতে বদলাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। সেই বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। বর্তমানে ৫০ শতাংশ উৎসব ভাতা চালু থাকলেও তা শতভাগে উন্নীত করার জন্য প্রস্তাব রয়েছে। এ বিষয়ে প্রাথমিকভাবে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন বাজেট কার্যকর হওয়ার পর ধাপে ধাপে এই সুবিধা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ফলে ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষকরা পূর্ণাঙ্গ উৎসব ভাতার সুবিধা পেতে পারেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে প্রায় সাড়ে চার লাখ প্রাথমিক শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।

সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে স্কুল ইউনিফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের কর্মবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়ানো হচ্ছে। এজন্য নতুন অবকাঠামো, প্রশিক্ষণ এবং শিক্ষাক্রম উন্নয়নের কাজও চলমান রয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিক্ষা খাত সংশ্লিষ্টদের মতে, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগে উন্নীত করা হলে তা দীর্ঘদিনের একটি দাবির বাস্তবায়ন হবে এবং শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন- অনগ্রসর এলাকায় ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়বে সরকার

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!