দেশের ক্রমবর্ধমান বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে চীনা ইভি নির্মাতা প্রতিষ্ঠান BYD। পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর তিনটি নতুন ‘নিউ এনার্জি ভেহিকল’ বা এনইভি মডেল উন্মোচন করেছে কোম্পানিটি। নতুন এ গাড়িগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত সেডান ‘সিল ৬’ এবং প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির ‘সিল ৫’ ও ‘সিলায়ন ৬ এডব্লিউডি’।
আরও পড়ুন-ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড এক করে নতুন ‘অ্যালুমিনাম ওএস’ আনছে গুগল
রোববার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে নতুন গাড়িগুলো দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্রি-অর্ডার করা ৬০টি গাড়ি আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তরও করা হয়েছে।
বিওয়াইডি জানিয়েছে, নতুন ‘সিল ৫’ মডেলটি একটি সুপার প্লাগ-ইন হাইব্রিড সেডান। এতে ব্যবহার করা হয়েছে ১৫০০ সিসির ইঞ্জিন এবং কোম্পানির নিজস্ব ব্লেড ব্যাটারি ও ডিএম-আই প্রযুক্তি। গাড়িটি সর্বোচ্চ ১৫৪ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম।
প্রতিষ্ঠানটির দাবি, ফুল চার্জ এবং পূর্ণ ফুয়েল ট্যাংকে গাড়িটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। বাংলাদেশের বাজারে প্রথম ৫০০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান ‘বিওয়াইডি সিল ৬’ একবার ফুল চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার পথ চলতে পারবে। রিয়ার-হুইল ড্রাইভ প্রযুক্তির এই ইভিটি ৯৫ কিলোওয়াট শক্তি এবং ২২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম।
গাড়িটিতে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সুবিধাও যুক্ত করা হয়েছে। দেশের বাজারে এ মডেলের মূল্য রাখা হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টাকা।
এ ছাড়া প্রিমিয়াম সেগমেন্টের অল-হুইল-ড্রাইভ সুপার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ‘সিলায়ন ৬ এডব্লিউডি’ও উন্মোচন করেছে বিওয়াইডি। এতে রয়েছে ১৫০০ সিসির টার্বোচার্জড ইঞ্জিন এবং শুধুমাত্র বৈদ্যুতিক মোডেই এটি সর্বোচ্চ ১২৮ কিলোমিটার চলতে পারে।
১৫.৬ ইঞ্চির বড় ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, প্যানোরামিক সানরুফ এবং উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে গাড়িটিতে। বাংলাদেশে এ প্রিমিয়াম এসইউভির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার Ketsu Zhang। তিনি বলেন, বাংলাদেশের বাজার বিওয়াইডির বৈশ্বিক পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন মডেলগুলোর আধুনিক প্রযুক্তি ও টেকসই পরিবহন সুবিধা দেশের গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন CG Runner Bangladesh Limited–এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা ধীরে ধীরে বাড়ছে। জ্বালানি সাশ্রয়, কম দূষণ এবং আধুনিক প্রযুক্তির কারণে নতুন প্রজন্মের গাড়িপ্রেমীদের আগ্রহ এখন ইভি ও নিউ এনার্জি গাড়ির দিকেই ঝুঁকছে। এমন বাস্তবতায় বিওয়াইডির নতুন তিনটি মডেল দেশের বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন-বাংলাদেশে আকিজ ইলেকট্রিক বাইকের নতুন দাম প্রকাশ









