রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ১০টি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১৫ অক্টোবর ২০২৬ রাষ্ট্রপতির বারি পরিদর্শনকে কেন্দ্র করে এসব কমিটি দায়িত্ব পালন করবে।

বারি মহাপরিচালকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতির পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বারির বিজ্ঞানী মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, রাষ্ট্রপতির পরিদর্শন ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপনা, প্রযুক্তি প্রদর্শনী, মাঠ ব্যবস্থাপনা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা, আপ্যায়ন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য, প্রযুক্তি উপস্থাপনা, যাতায়াত-আবাসন-পরিবহন এবং রিপোর্টিংয়ের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে।

সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে বারির মহাপরিচালক ড. মো. মজিবুর কাদিরকে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে পুরো আয়োজনের সার্বিক তদারকি।

বারি প্রযুক্তি প্রদর্শনী স্টল তৈরি, জিন ব্যাংক ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক ড. রেশমা সুলতানাকে। এই কমিটির দায়িত্ব বারির প্রযুক্তি ও কৃষি প্রযুক্তির প্রদর্শনীর ব্যবস্থা করা।

বারির বীজিকা মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক মো. মোশাররফ হোসেন মোল্লাকে। মাঠে বিদ্যুৎ, মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম, অতিথিদের আসন বিন্যাসসহ সার্বিক ব্যবস্থাপনা এ কমিটির দায়িত্বে থাকবে।

সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক ড. রেশমা সুলতানাকে। এ কমিটির কার্যপরিধিতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ ও সাউন্ড সিস্টেম সচল রাখার বিষয়টি রয়েছে।

আপ্যায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক ড. মো. কাওছার উদ্দিনকে। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করবে এ কমিটি।

প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতির বক্তব্য প্রদানসংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ড. নির্মল কুমার দত্তকে। অনুষ্ঠানের বক্তব্য প্রস্তুত ও সময়মতো অতিথিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে এ কমিটির।

এ ছাড়া বারির প্রযুক্তি উপস্থাপনা কমিটি, দাওয়াতপত্র বিতরণ, আবাসন ও পরিবহন কমিটি এবং রিপোর্টার্স কমিটিও গঠন করা হয়েছে। প্রযুক্তি উপস্থাপনা কমিটির দায়িত্ব অনুষ্ঠানে বারির সাফল্য, উদ্ভাবিত প্রযুক্তি এবং গবেষণার ফলাফল উপস্থাপনের ব্যবস্থা করা।

দাওয়াতপত্র বিতরণ, আবাসন ও পরিবহন কমিটির ওপর অতিথিদের যাতায়াত, আবাসন ও দাওয়াতপত্র বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে রিপোর্টার্স কমিটি রাষ্ট্রপতির পরিদর্শন ও অনুষ্ঠানসংক্রান্ত সংবাদ ও প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির পরিদর্শন উপলক্ষে গঠিত কমিটিগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!