নওগাঁর ধামইরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চকযদু এলাকায় সরকারি নিয়ম ও পৌরসভার অনুমোদন অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. মজিবর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অনুমোদিত নকশা না মেনে এবং রাস্তার জায়গা না ছেড়ে ভবন নির্মাণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভোগান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অনুমোদন ও নির্মাণ বিধিমালা উপেক্ষা করে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন মজিবর রহমান। এ বিষয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ দেওয়ার পর ধামইরহাট পৌরসভার পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয় এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, পৌরসভার নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পর তৎকালীন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। তবে এরপরও ভবন নির্মাণকাজ বন্ধ হয়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।

বাসিন্দাদের অভিযোগ, ভবন নির্মাণের কারণে রাস্তার জায়গা সংকুচিত হচ্ছে এবং স্থানীয়দের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। তারা দাবি করেন, সরকারি নিয়ম ও অনুমোদনের বিষয়টি উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হলে ভবিষ্যতে এলাকাবাসীকে আরও সমস্যায় পড়তে হতে পারে।

স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনের নজরে আনার পর সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন এবং পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সজল কুমার মণ্ডল।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভবনের নির্মাণকাজ, অনুমোদিত নকশা এবং অভিযোগ করা অবৈধ অংশের বিষয়গুলো খতিয়ে দেখেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে মো. মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বলে জানান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌর এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সরকারি বিধিমালা অনুসরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা বন্ধ করা প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, তা এখনো জানা যায়নি। তবে সরেজমিন পরিদর্শনের পর অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!