আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৬ উপলক্ষে দেশজুড়ে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ কর্মসূচির কার্যক্রম শুরু করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর। তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের চিহ্নিত করে সম্মাননা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে। একই ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হবে। এসব কর্মসূচিকে সামনে রেখে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সফল ও সংগ্রামী নারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত নীতিমালার আওতায় মোট পাঁচটি ক্যাটাগরিতে অদম্য নারীদের নির্বাচন করা হবে। ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্ভাব্য নারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীদের সাফল্য, সংগ্রাম ও সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হবে।

কর্মসূচির অংশ হিসেবে দেশের সব ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মাঠপর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায় থেকে অদম্য নারীদের নাম বাছাই করে আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলায় পাঠাতে হবে। এরপর উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের নাম আগামী ১৫ নভেম্বরের মধ্যে জেলায় পাঠানোর নির্দেশনা রয়েছে।

পরবর্তী ধাপে জেলা পর্যায়ে বাছাই করা নাম ও প্রয়োজনীয় তথ্য আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে বিভাগীয় পর্যায়ে পাঠাতে হবে। বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই শেষে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) ও কর্মসূচি পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অদম্য নারী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও যথাযথ যাচাই নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত আবেদন ও প্রস্তাবগুলো নির্ধারিত নীতিমালার আলোকে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত নারীদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সময়ের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরে পাঠানোর জন্য মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, তৃণমূল পর্যায়ে প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়া নারীদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তাঁদের কাজের প্রতি উৎসাহ বাড়ানোর পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!