অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশে আয়োজন করা হচ্ছে ‘ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬’। এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে দেশব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের যেকোনো নাগরিক অংশ নিতে পারবেন।
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ব্যবহারের কারণে রোগজীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব বলেন, এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেশব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সবার মধ্যে এএমআর বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
আইইডিসিআরের অধীন সেক্টরাল কো-অর্ডিনেশন সেন্টার (হিউম্যান হেলথ) এবং ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি (এনআরএল) ফর এএমআর সার্ভিল্যান্স যৌথভাবে কুইজটির আয়োজন করেছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে থাকবে অনলাইন কুইজ এবং পরবর্তী সময়ে সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে সশরীর চূড়ান্ত পর্ব। অনলাইন প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর বেলা ৩টায়।
এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ১০ অক্টোবরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও নিবন্ধনের ঠিকানা আয়োজকদের নির্ধারিত প্ল্যাটফর্মে দেওয়া হবে।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!